জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র (এসএমজি) উদ্ধার করেছে র্যাব। একই দিন পৃথক আরেকটি অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড়ের (জাকিরের ডেইল পাহাড়) পাদদেশে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি অস্ত্র (এসএমজি) উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই দিন নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে পৃথক আরেকটি অভিযান চালিয়ে শামসুন নাহার নামে এক রোহিঙ্গা নারীকে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ আটক করে র্যাব।
আটক শামসুন নাহার ওই ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে বলে জানা গেছে।
র্যাবের সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
