মো. আরাফাত সানি, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রীর মৃত্যুর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামীরও মৃত্যু হয়েছে।

নিহত দম্পতির ছেলে পুলিশ সদস্য কামাল। পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রথমে কামালের মা রাতে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তাঁর বাবারও মৃত্যু হয়।

পরপর বাবা-মাকে হারিয়ে চরম শোকের মধ্যে পড়েছেন পুলিশ সদস্য কামাল ও তাঁর পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রঙ্গিখালীর পরিবেশ।

দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামীরও মৃত্যু হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

স্থানীয়রা জানান, বাবা-মায়ের এমন পরপর মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। বিশেষ করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকে হারানোর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

এদিকে মা-বাবা দুজনকে হারিয়ে পুলিশ সদস্য কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, “আজ দুপুর ১২টা ৫ মিনিটে দুনিয়ার সফর শেষ করে আমার বাবাও মহান আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের মৃত্যুর ১৪ ঘণ্টা পর বাবারও মৃত্যু হলো।”

তিনি আরও লেখেন, “হে আল্লাহ, আমার বাবা ও মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম দম্পতির রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।