জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে হ্নীলা সীমান্তের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ২৪ আগস্ট ভোররাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির জওয়ানেরা মৌলভীবাজার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি. সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
