মো. আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মুঠোফোনসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভোরে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে আইসের একটি বড় চালান প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ফ্যান্টম বোট নিয়ে কৌশলগত অবস্থান নেয়।
সকাল ৭টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। পরে টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকাটিকে থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা তিন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। এ সময় একজনকে আটক করা সম্ভব হয়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে তিনটি প্যাকেটে রাখা ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া নৌকাটি থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন মো. শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) পাচার ঠেকাতে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিগত নজরদারি ও নৌ-টহল আরও জোরদার করা হবে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা আইসসহ জব্দ করা মালামাল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
