এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সাইফুল ইসলাম ওরফে বাবুইয়া (২২) নামে এক মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার উলা মিয়ার ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মামলার এজাহারনামীয় আসামি সাইফুল ইসলাম ওরফে বাবুইয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় দেশীয় তৈরি একটি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সাইফুল ইসলাম ওরফে বাবুইয়া নামে মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি, মৎস্যঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
