পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাংবাদিক জুবাইদ, সাংবাদিক বাহার উদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি হিরণ সরওয়ারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোছাইন বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য তাদের পরিবার, শিক্ষক ও পেকুয়াবাসীর জন্য গর্বের। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নাঈমুর রহমান হৃদয় বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।