পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় ধারাবাহিক মোটর ও ব্যাটারি চুরির ঘটনায় ইমন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাতামুহুরী উপজেলার বেতুয়া বাজারের একটি ভাঙারি দোকান থেকে চুরি হওয়া টমটমের ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাঘগুজারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমন কাদিমাকাটা এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অটোরিকশাচালক আবু ছৈয়দের বাড়ির উঠানে চার্জে রাখা টমটম থেকে একটি ব্যাটারি চুরি হয়। সকালে ব্যাটারি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে ইমন ও কায়সার নামে এক অটোরিকশাচালককে বেতুয়া বাজার এলাকায় দেখা যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন।
আবু ছৈয়দ জানান, ইমনের দেওয়া তথ্য অনুযায়ী বেতুয়া বাজারের একটি ভাঙারি দোকানে গিয়ে ৪ হাজার ১০০ টাকায় বিক্রি করা তার ব্যাটারিটি উদ্ধার করা হয়। প্রায় চার দিন আগে কেনা ওই ব্যাটারিটির দাম প্রায় ২১ হাজার টাকা।
স্থানীয়দের কাছে ইমন দাবি করেন, ব্যাটারি চুরির ঘটনায় ইয়াছিন ও মিসকাত নামে আরও দুজন জড়িত ছিলেন। চুরি করা মালামাল পরিবহনে কায়সার সহযোগিতা করতেন বলেও তিনি দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে কাদিমাকাটা এলাকায় অন্তত ৪০টি অটোরিকশার মোটর ও ব্যাটারি চুরি হয়েছে। সর্বশেষ একই রাতে নন্না মিয়ার দুটি এবং মোহাম্মদ হোসেনের একটি মোটর চুরির অভিযোগও রয়েছে।
এলাকাবাসীর দাবি, সংঘবদ্ধ একটি চোরচক্র দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, স্থানীয় জনতা এক যুবককে আটক করার কথা জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
