সিবিএন ডেস্ক;

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার লিংক রোড, টার্মিনাল ও কলাতলী এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, লিংক রোড এলাকায় ফয়সাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল, কোমলপানীয়, চিপসসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, কলাতলী এলাকায় নিউ ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজকে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে একসঙ্গে সংরক্ষণ করার অপরাধে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন মিষ্টির দোকান, ফলের দোকান ও ফার্মেসিও তদারকি করা হয়। এ সময় দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রিসহ ভোক্তা-অধিকার সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিবিড়ভাবে তদারকি করা হয়।

তদারকির সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।