এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী বন্ধুর ঘুষিতে তারেকুর রহমান তারেক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র নামার চিরিঙ্গার বায়তুশ শরফ রোডে এ ঘটনা ঘটে।
নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ রোডে তার দাদার সঙ্গে একটি পানের দোকানে সময় কাটাত শিশু তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় সে। টিউবওয়েল থেকে পানি নেওয়ার সময় সেখানে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তারেকের কানের পাশে ও বুকের মাঝখানে সজোরে ঘুষি মারে।
এতে তারেক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় পৌঁছালে তারেকের মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু তারেকের মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি (তদন্ত) নুরে আলম ছিদ্দিকী মাসুম বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে পুলিশ প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
