সিবিএন ডেস্ক;

কক্সবাজারের রামুতে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ নুর ফাতেমা (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার সদর কোম্পানির একটি আভিযানিক দল রামু থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে মাদক কারবারে জড়িত সন্দেহে নুর ফাতেমা নামে ওই নারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী র‌্যাব সদস্য তাঁর দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেন।

আটক নুর ফাতেমা (৪০) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইমাম হোসেন, মায়ের নাম মৃত আনোয়ারা বেগম এবং স্বামীর নাম মো. শফি আলম।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, নুর ফাতেমা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।