জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে একটি অজগর সাপ উদ্ধার করে পাহাড়ি এলাকায় অবমুক্ত করেছে বন বিভাগ। অজগরটি রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট দুপুর ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশের ব্যারাকসংলগ্ন কাঁটাতারের বেড়ায় একটি অজগর সাপ দেখতে পান এপিবিএন পুলিশের সদস্যরা। পরে দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি বন বিভাগকে জানান।
খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ জানান, এপিবিএন পুলিশের ব্যারাকসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন কমপক্ষে ১০ কেজি।
তিনি আরও জানান, উদ্ধার করা অজগরটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার দমদমিয়া বেতবাগানসংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়েছে।
