সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোহাম্মদ জুবায়ের (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

সিএনজির যাত্রী মোহাম্মদ জুবায়েরকে সন্দেহ হলে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ জুবায়ের কক্সবাজারের টেকনাফ উপজেলার কুতুবদিয়াপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত জাফর আলম।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।