নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পত্রিকার প্রধান কার্যালয়ে সম্পাদক এম. ওসমান গণির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সময় বদলেছে, বদলেছে পত্রিকার পাঠকদের চিন্তা-ভাবনাও। পাঠকদের মনের খোরাক জোগাতে ব্যতিক্রমী সংবাদ পরিবেশনে কাজ করছে দৈনিক আজকের কক্সবাজার বার্তা। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদের মাধ্যমে আমরা সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছি। লড়ছি অন্যায়-অবিচারের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “যাত্রার শুরু থেকে এই পত্রিকা কারও সঙ্গে আপস করেনি। আপসহীন পত্রিকা হিসেবে দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের মনে স্থান করে নিয়েছে।”
বার্তা প্রধান এম. এ. আজিজ রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পত্রিকার নির্বাহী সম্পাদক আজিম নিহাদ, মফস্বল সম্পাদক ইমরান হোসাইন ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রহিম রনি।
বক্তারা বলেন, “সমুদ্রনগরী কক্সবাজার থেকে প্রায় ২০টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে দৈনিক আজকের কক্সবাজার বার্তা ব্যতিক্রম। আমরা গতানুগতিক সংবাদের বিপরীতে ঘটনার গভীরে গিয়ে রহস্য উন্মোচন করি। এতে সমস্যা উদ্ঘাটনের পাশাপাশি সমাধানের পথও বের করার চেষ্টা করা হয়। আমাদের এই অদম্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
সভায় মতামত তুলে ধরেন পত্রিকার প্রধান প্রতিবেদক সরওয়ার সাকিব, বিশেষ প্রতিবেদক এস. এম. রুবেল, সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দু রশিদ মানিক, সাজন বড়ুয়া সাজু, নিজস্ব প্রতিবেদক এন. এ. সাগর ও সাইদুর রহমান শিমুল, টেকনাফের নিজস্ব প্রতিবেদক রহমত উল্লাহ, উখিয়ার নিজস্ব প্রতিবেদক ইমরান আল মাহমুদ, চকরিয়া প্রতিনিধি কামাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ, লামা-আলীকদম প্রতিনিধি ইসমাঈলুল করিম, শিহাব আবরার ও ম্যানেজার জালাল উদ্দিন।
দৈনিক আজকের কক্সবাজার বার্তাকে গণমানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
