এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা অনুযায়ী চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম দ্বিতীয় দিনের মতো বিভিন্ন সড়ক ও মহাসড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চকরিয়া থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চকরিয়া থানা পুলিশ নিয়মিতভাবে এ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

অভিযানকালে মাদকপ্রবণ এলাকা ও সম্ভাব্য মাদক স্পটগুলোতে নজরদারি জোরদার করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

মাদকমুক্ত চকরিয়া গড়তে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।