এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে চকরিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের হলরুমের সুগন্ধা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যথাযথভাবে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিরা।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম প্রতিক্রিয়ায় বলেন, “জীবনের দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় ব্যয় করেছি। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কতটুকু জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পেরেছি, তা জানা নেই। যতদিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি প্রতিটি শিশুকে সঠিক শিক্ষা দিয়ে সমাজের একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “কর্মজীবনের শেষ সময়ে এসে যে সম্মানটুকু দেওয়া হয়েছে, তা জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে বেঁচে থাকবে। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ আজকের এই সম্মাননা পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের।”