জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত একটি হাতচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, ১৮ আগস্ট সকাল ১১টা ২০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমান্ডিং অফিসারের সার্বিক দিকনির্দেশনায় নাজিরপাড়া বিওপির জওয়ানেরা নাজিরপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পরিত্যক্ত কাঠের নৌকা তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পাচারে ব্যবহৃত হাতচালিত কাঠের নৌকাটি জব্দ করে বিজিবি।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষ করে নাফ নদী ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচারকারীদের তৎপরতা প্রতিহত করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে টেকনাফ ব্যাটালিয়নের অভিযান অব্যাহত থাকবে।”
