জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলার উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়।
আটক সিএনজি চালক হলেন হ্নীলার রঙ্গিখালী লামারপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে সুলতান আহমদ (৩৮)।
র্যাব-১৫-এর সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক মাদক কারবারিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
