সংবাদ বিজ্ঞপ্তি

লিডোর (LEEDO)-এর ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের উদ্যোগে কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (ToT) শীর্ষক প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী শিশুদের এমনভাবে প্রশিক্ষিত করাই ছিল এ সেশনের মূল লক্ষ্য, যাতে তারা পরবর্তীতে অন্য শিশু ও সহপাঠীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও জ্ঞান দিতে পারে।

সেশনটি পরিচালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের লেকচারার মোহাম্মদ রাফিজ খান। প্রশিক্ষণ সেশনে শিশুদের প্রশিক্ষণ পরিচালনার কৌশল, কার্যকর যোগাযোগ, উপস্থাপনা দক্ষতা, অংশগ্রহণমূলক শেখানোর পদ্ধতি এবং অন্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক মোকাম্মেল মৃধা এবং দৈনিক কক্সবাজার বার্তা-এর প্রধান আজিজ রাসেল। তাঁরা শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিকতা, যোগাযোগ ও নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে তাদের উৎসাহিত করেন।

সেশনটির মাধ্যমে অংশগ্রহণকারী শিশুরা নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যদের মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং সহপাঠীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করে।

আয়োজকরা জানান, ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের মাধ্যমে শিশুদের নেতৃত্ব, যোগাযোগ ও সাংবাদিকতার দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের নিজ নিজ সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।