এআর আরিফ:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে ও শৈবাল দিঘিতে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। পরে শৈবাল কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক অধীর চন্দ্র দাস এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, মৎস্য খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি রপ্তানি থেকে বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে চিংড়িকে রপ্তানির ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কক্সবাজারে মৎস্য খাতের ব্যাপক সম্প্রসারণের পাশাপাশি ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার। সে দিক থেকে কক্সবাজারবাসী অনেক ভাগ্যবান।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোস্তফা কামাল, রাজনৈতিক নেতৃবৃন্দ, হ্যাচারি মালিক, মৎস্যচাষী ও মৎস্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মৎস্যচাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় চারজনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।