জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে ৬৪ বিজিবির উনছিপ্রাং ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জনৈক শাকেরের মৎস্যঘেরে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. রাসেল (২০)।

৬৪ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।