জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী সীমান্ত পয়েন্ট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঝিমংখালী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শাকেরের মৎস্যঘেরে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬৪ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।