বার্তা পরিবেশক:
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কক্সবাজারের সীগাল হোটেল লিমিটেড কর্তৃপক্ষ। অডিওতে থাকা বক্তব্যকে প্রতিষ্ঠানের বক্তব্য হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সীগাল হোটেলস লিমিটেড কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সীগাল হোটেলস লিমিটেড কক্সবাজার জেলার প্রথম বেসরকারি পাঁচতারকা মানের ব্যক্তি মালিকানাধীন হোটেল। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে সরকারের কাছ থেকে প্লট নং ৬, ৭ ও ৮, দাগ নং ২০০০১ ও ২০০০২ এবং খতিয়ান নং ২৩৮১ ও ৮৪৯৮-এর জমি লিজ নেয়। পরবর্তীতে সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট আইন, বিধি ও শর্ত যথাযথভাবে প্রতিপালন করে সীগাল হোটেলস লিমিটেড এর এমডি জনাব মাসুম ইকবাল হোটেলটির ভবন নির্মাণকাজসহ যাবতীয় কার্য়ক্রম সম্পন্ন করেন। ২০০২ সাল থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের ফলে দেশি-বিদেশি পর্যটকদের আগমনও বেড়েছে। পর্যটকদের কাছে সীগাল হোটেলস লিমিটেড দীর্ঘদিন ধরে অন্যতম পছন্দের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
কর্তৃপক্ষ জানায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাতের খাবার সংক্রান্ত একজন সম্মানিত অতিথির অভিযোগের পরিপ্রেক্ষিতে সীগাল হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার কামরুল হাসান ও একজন সাংবাদিকের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়। পরদিন ১১ আগস্ট ওই কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রকাশিত অডিওতে হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার কামরুল হাসান একপর্যায়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কিছু ব্যক্তিগত ও অনভিপ্রেত মন্তব্য করেছেন বলে প্রতীয়মান হয়।
এ বিষয়ে সীগাল হোটেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, ওই বক্তব্য সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত মতামত। এর সঙ্গে সীগাল হোটেলস লিমিটেড কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা, অনুমোদন বা সম্মতি নেই।
বিবৃতিতে বলা হয়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তির অসংবেদনশীল ও অনাকাঙ্ক্ষিত মন্তব্যের বিষয়ে প্রতিষ্ঠানের বিধিবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীগাল হোটেল কর্তৃপক্ষ তাদের সম্মানিত শুভানুধ্যায়ী, সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান, দেশি-বিদেশি পর্যটক এবং সংশ্লিষ্ট সকলকে ওই অডিও ক্লিপে থাকা বক্তব্যকে সীগাল হোটেলস লিমিটেডের বক্তব্য হিসেবে বিবেচনা না করার এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে।