এআর আরিফ :

খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এ সময় এমপি কাজল বলেন, যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। এলাকাভিত্তিক ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করা গেলে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে। একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাপূর্ণ জাতি গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। এ জন্য ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আবছার উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক হারুন-উর-রশিদ, সাবেক সদস্য আলী রেজা তসলীম, ওমর ফারুক, এম. জাহেদ উল্লাহ, রামু উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, ক্রীড়াবিদ জাবেদ ইকবাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাইফুর রহমান নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল হক, যুবনেতা জাহেদুর ইসলাম রিটনসহ অসংখ্য নেতাকর্মী এবং বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। এর পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং ক্রীড়াবিদদের পেশাগত মানোন্নয়নে সরকার দেশব্যাপী নতুন খেলার মাঠ তৈরি ও ক্রীড়া ভাতা চালুর মতো নানা পদক্ষেপ গ্রহণ করেছে।