মো. আরাফাত সানি, টেকনাফ;
উচ্চশিক্ষার ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছেন কক্সবাজারের টেকনাফের সন্তান তরিকুল ইসলাম বকুল। চীনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করার জন্য স্টাইপেন্ডসহ মর্যাদাপূর্ণ ‘Type-A Fully Funded Scholarship’ পেয়েছেন তিনি।
তরিকুল ইসলাম বকুল টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ‘কক্সবাজার বার্তা’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রয়াত সাংবাদিক সৈয়দ হোসাইনের জ্যেষ্ঠ ছেলে।
শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখে আসা তরিকুল ইসলাম বকুল পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও গবেষণামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে তিনি ১৩টিরও বেশি সনদ অর্জন করেছেন।
নিজের এই সাফল্য ও অর্জন প্রয়াত বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করে তরিকুল ইসলাম বকুল বলেন, “বাবা সারাজীবন যে আদর্শ নিয়ে বেঁচে ছিলেন, তা ধারণ করেই পথ চলছি। বাবার স্বপ্ন ও প্রেরণাই আজ আমাকে এতদূর নিয়ে এসেছে।”
চীনে উচ্চশিক্ষার এই যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে দেশ ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করাই তাঁর মূল লক্ষ্য। নতুন এই পথচলার জন্য তিনি সবার কাছে দোয়া ও আন্তরিক শুভকামনা চেয়েছেন।
উপকূলীয় সীমান্ত শহর টেকনাফের এক তরুণের এমন আন্তর্জাতিক অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি পুরো টেকনাফবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
