মো. আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ডাম্পারটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহতরা হলেন টেকনাফ উপজেলার গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫)।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গিলাতলী থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী একটি বালুবাহী ডাম্পার বেপরোয়া গতিতে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর ডাম্পারটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
