এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ডাকাতি, চুরি, বাল্যবিয়ে ও মাদকবিরোধী আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের উদ্যোগে স্থানীয় জনসাধারণের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় ওসি আরিফুর রহমান বলেন, “সমাজ থেকে চুরি, ডাকাতি, মাদক ও বাল্যবিয়ের মতো অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ অপরিহার্য। প্রতিটি পরিবার সচেতন হলে এবং অপরাধীদের বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিলে এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সম্ভব।”
তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পুলিশি সেবা আরও সহজ ও জনবান্ধব করার আশ্বাস দেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ চকরিয়া থানা পুলিশের এমন মাঠপর্যায়ের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। থানার ওসির সরাসরি উপস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও সচেতনতা তৈরির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তারা।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগের ফলে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমার পাশাপাশি এলাকায় অপরাধপ্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
