এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া থানার আওতাধীন লক্ষ্যারচর ও কৈয়ারবিল ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্তকরণে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে ওসি আরিফুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সঙ্গে মতবিনিময়ের জন্য পুলিশ মাঠে এসেছে। এলাকার কোথায় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, অপরাধের হটস্পট চিহ্নিত করা এবং অপরাধীদের শনাক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি হলে কোনো অপরাধী ছাড় পাবে না।
তিনি আরও বলেন, বিশেষ করে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কার্যকর কমিটি গঠন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
ওসি বলেন, এলাকাকে অপরাধমুক্ত করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। থানায় অভিযোগ দাখিলের ক্ষেত্রে সরাসরি অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফাসহ পুলিশের সদস্যরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
