এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবদুল মোমেন এবং নার্সিং ইনচার্জ মর্জিনা আকতার।
পানির প্ল্যান্ট উদ্বোধনের পর সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনকে ধন্যবাদ জানান নুরুল ইসলাম হায়দার। পাশাপাশি হাসপাতালের উন্নয়ন ও রোগীদের সেবার মান বৃদ্ধিতে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন।
