মো. আরাফাত সানি, টেকনাফ:

টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে স্থানীয় জনসাধারণ আটক করেছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী রাত ১টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় উত্তেজিত জনতার কাছ থেকে আটক আসামিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল খালেক ও তার আরও পাঁচ সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে এলাকায় প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের সন্দেহ করে ধাওয়া করেন। এ সময় অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি পালিয়ে যায় এবং আব্দুল খালেক প্রকাশ নাহিদকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক আসামির পরিহিত লুঙ্গির নিচে বিশেষ কৌশলে বহন করা একটি পিস্তল উদ্ধার করা হয়। তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটের বক্সে তিনটি ওয়ান শুটার গান ও গুলি ফেলে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দতালিকামূলে জব্দ করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।