এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া-মাতামুহুরীস্থ বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর শাহাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিজানুর রহমান চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

আহত দুজন হলেন—একই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজ মিয়ার ছেলে মিসকাত (২২) এবং দক্ষিণ বুড়িপুকুর এলাকার নুরুল ইসলামের ছেলে তামিম (২৩)।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি ছাত্রদল নেতা মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাহারবিল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম উদ্দিন ও নুরুল হাকিম জানান, মিজান তাঁর দুই বন্ধুকে নিয়ে রামপুর শাহাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়।

আহত মিসকাত ও তামিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ছাত্রদল নেতা মিজান চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’