সিবিএন ডেস্ক;
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার রোহিঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল ও অবৈধ বিড়ি-সিগারেট জব্দ করা হয়।
অভিযানে ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি, ৪ হাজার ৫০০ শলাকা চায়না ব্ল্যাক সিগারেট, ৩ হাজার শলাকা হিলটন সিগারেট এবং ৭২ হাজার শলাকা নকল মাস্টার বিড়ি জব্দ করা হয়েছে।
এ সময় মো. সাগর ও মো. ইউনুছ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাগর কুষ্টিয়ার দৌলতপুর থানার মো. সাবাজ মন্ডলের ছেলে। অপরদিকে ইউনুছ কক্সবাজারের টেকনাফ থানার আবুল হোসাইনের ছেলে।
আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তারা জানান, সাগর বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। তিনি কুষ্টিয়ায় নকল বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের এরিয়া ম্যানেজার (মার্কেটিং) মাশোক ইলাহী বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দাখিল করেন। এতে সাগর ও ইউনুছের নাম উল্লেখ করে আরও ৩–৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
উখিয়া থানার এসআই (নিরস্ত্র) উনুমং মারমা বলেন, অভিযানে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি দেয়—এমন কাউকে ছাড় দেওয়া হবে না। নকল পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
