জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে টেকনাফ মডেল থানা। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানব পাচারকারী আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ায় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। সম্মাননা গ্রহণের পর তিনি টেকনাফ মডেল থানায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওসি সাইফুল ইসলাম টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া মাদক ও মানব পাচার রোধসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।