জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির সদস্যরা হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের জোড়াকাটি এলাকায় অভিযান চালান। এ সময় ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হোয়াইক্যং কাটাখালী এলাকার মৃত ছৈয়দ আলম ও আসমা খাতুনের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া এলাকার মৃত আলী আকবর ও নছিমা খাতুনের ছেলে আবুল ফয়েজ (২৫)।

৬৪ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।