এম. মনছুর আলম, চকরিয়া;
সম্প্রতি টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় বন্যা ও পাহাড়ধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা প্রশাসন চত্বরে ইউনিসেফের সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জরুরি কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে এসব হাইজিন কিট বিতরণ করা হয়।
চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
আয়োজকেরা আরও জানান, বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গত মানুষের মধ্যে পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হচ্ছে।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, ‘বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দুর্যোগ-পরবর্তী সময়ে নানা ধরনের পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে বন্যাদুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
তিনি বলেন, ‘প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।’
বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার, চকরিয়া উপজেলা মহিলা দলের নেত্রী রুনা চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
