এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন এলাকার কালামের সাগরিকা গেস্ট হাউস থেকে তাঁদের আটক করা হয়। চকরিয়া থানা পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসের তত্ত্বাবধানে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় লোকজনের কাছ থেকে মালুমঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার খবর পেয়ে পুলিশ কালামের সাগরিকা গেস্ট হাউসে অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজন নারী-পুরুষকে আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আবাসিক হোটেল থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, অসামাজিক কার্যকলাপসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চকরিয়া গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
