আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওবাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইয়াছিন মানিক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের ওবাইদুর রহমান ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান বাবলু চেয়ার প্রতীকে ১৪২ ভোট এবং আলতাজ হোছাইন বাঘ প্রতীকে ১৬ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে গোলাপ ফুল প্রতীকের আবদুল আলম ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের নাছির উদ্দিন পেয়েছেন ১৯২ ভোট।
সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের মোহাম্মদ ইয়াছিন মানিক ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের নুর মোহাম্মদ পেয়েছেন ১৭০ ভোট।
কোষাধ্যক্ষ পদে ঘোড়া প্রতীকের রমজান মিয়া ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মোহাম্মদ ওয়াহিদ হাসান পেয়েছেন ১৭৯ ভোট।
ভোটগ্রহণ শেষে শনিবার ভোট গণনা করা হয়। সমিতির মোট ৪২৯ জন ভোটারের মধ্যে ৩৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলাম, সদস্য মাস্টার এমরানুল কায়েস ও ডা. আবদুল হামিদের স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ও জেলা সমবায় কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ভোটগ্রহণ ও গণনা শেষে নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
