নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে টেকনাফে বিএমএসএফের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের প্রথম সাংবাদিক ও টেকনাফ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মুহাম্মদ কাশেম।

সাংবাদিক আরাফাত সানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জসিম উদ্দিন টিপু।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, সাংবাদিক ও সাংবাদিকতা আজ কঠিন সময় পার করছে। সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরলেই সাংবাদিকদের ওপর নেমে আসে নির্যাতন ও নিপীড়ন। অনৈক্যের কারণে সাংবাদিকরা আজ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

তিনি বলেন, জনস্বার্থে সাংবাদিকদের অবস্থান ছিল, আছে এবং থাকবে। নির্যাতিত ও মজলুম মানুষের পক্ষে সাংবাদিকদের কলম অবিচল ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, বিএমএসএফ তথা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাংবাদিকদের দুর্দিনে ও দুর্যোগে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে তিনি প্রতিনিয়ত সাহস জোগাচ্ছেন। সাংবাদিকদের পাশে থাকতে গিয়ে তিনিও নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তাঁর অবিচল কর্মযজ্ঞে আমি বিমোহিত।

তিনি আরও বলেন, অনেক আগে থেকেই আমি বিএমএসএফের সঙ্গে সম্পৃক্ত আছি। একমাত্র বিএমএসএফই সাংবাদিকদের দুর্দিনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা ও সুপারিশক্রমে সীমান্ত উপজেলা টেকনাফে বিএমএসএফের শক্তিশালী কমিটি গঠনের উদ্যোগকে তিনি স্বাগত ও সাধুবাদ জানান।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে গঠিত কমিটিতে পূর্বকোণ ও ইনানীর হাফেজ মুহাম্মদ কাশেমকে প্রধান উপদেষ্টা, কর্ণফুলী ও আজকের বসুন্ধরার আশেকুল্লাহ ফারুকীকে উপদেষ্টা এবং দৈনিক আজকের দেশবিদেশ, ডেসটিনি ও সিবিএনের জসিম উদ্দিন টিপুকে সভাপতি করা হয়েছে।

কমিটিতে সময়বায়ান্ন পত্রিকার শামসুল আলম শারেককে সিনিয়র সহসভাপতি, রূপালী বাংলাদেশের মিজানুর রহমান মিজান, মোহনা টেলিভিশনের আবসার কবির আকাশ ও টিটিএনের আনোয়ার হোসাইনকে সহসভাপতি করা হয়েছে।

বাংলাদেশ বুলেটিন ও সিবিএনের আরাফাত সানীকে সাধারণ সম্পাদক এবং এনটিভির মোহাম্মদ নোমান অরূপ, আমাদের কক্সবাজারের আজিজ উল্লাহ ও আজকের বাংলার মোহাম্মদ তোফায়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

দৈনিক এশিয়ান এইজের ছৈয়দুল আমিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সমাচারের মুহাম্মদ শহিদুল্লাহকে সহসাংগঠনিক সম্পাদক, খোলা কাগজ ও টেলিগ্রামের আবদুল্লাহ আল সম্রাটকে প্রচার সম্পাদক, রেডিও নাফের আবদুল আজিজকে আইসিটি সম্পাদক এবং আজকের কক্সবাজারের সাদ্দাম হোসাইনকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া বিজয় টিভির জুবায়রুল ইসলাম জুয়েলকে সহদপ্তর সম্পাদক, গণকণ্ঠ ও সৈকতের এম এ হাসানকে কোষাধ্যক্ষ, টি ভয়েস নিউজের আবদুর রহমান ইবনে আমিনকে ধর্মবিষয়ক সম্পাদক এবং সময়ের আলোর মুহাম্মদ শেখ রাসেলকে নির্বাহী সদস্য করা হয়েছে।

সদস্য হিসেবে ভয়েস৭১ ও বাংলা পোস্টের ফরিদুল আলম এবং কক্স মর্নিংয়ের শফিকুল ইসলাম জিসানকে রাখা হয়েছে।

এর আগে টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।