নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় পৌরসভার অর্থায়নে চারটি সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে।

বৃষ্টির কারণে কয়েক দিন কাজ বন্ধ থাকার পর গত শনিবার (৮ আগস্ট) সকালে বায়তুন নূর জামে মসজিদ সড়কে পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়।

এ সময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন, বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ, সমাজ কমিটির সদস্য মো. আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মো. আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির, মো. সেলিম বাবুলসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক ও বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল মজিদ জানান, দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত সেগুনবাগিচা আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে অবহেলিত ছিল। এলাকাবাসী নিয়মিত পৌরকর পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে সড়কগুলোর কোনো উন্নয়ন হয়নি। ফলে শিক্ষার্থী, রোগী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো।

দীর্ঘদিন পর হলেও এলাকায় উন্নয়নকাজ শুরু হওয়ায় কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় চারটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কগুলো হলো—সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি পর্যন্ত, প্রধান সড়ক থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি পর্যন্ত, প্রধান সড়ক থেকে মোবারকের বাড়ি পর্যন্ত এবং প্রধান সড়ক থেকে বায়তুন নূর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত সড়ক।