টেকনাফ প্রতিনিধি:
মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পাওয়ায় সহকর্মীদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক সমিতির (টেসাস) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেন সংগঠনটির কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেসাসের আহ্বায়ক মমতাজুল ইসলাম মনু, সদস্যসচিব ছৈয়দুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ তাহের নাঈম, হুমায়ুন রশিদ, শামসুল আলম শারেক, রমজান উদ্দিন পটল, জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন ও আব্দুল্লাহ আল সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, জসিম উদ্দিন টিপু টেকনাফের একজন প্রবীণ ও সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত থেকে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরছেন।
বক্তারা আরও বলেন, তিনি নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরেছেন। সম্প্রতি ইউনিয়ন বিভাজন ইস্যুতে তিনি ধারাবাহিকভাবে কয়েকটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। একজন সংবাদকর্মী হিসেবে জনস্বার্থে সত্য ঘটনা তুলে ধরা তাঁর পেশাগত ও নৈতিক দায়িত্ব।
টেসাস নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত একটি ঘটনায় সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং হয়রানির ঘটনা অব্যাহত থাকলে টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
