মো. আরাফাত সানি, টেকনাফ
দিনদুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার হ্নীলার লেদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আকতার হোসেন ও নজরুল ইসলাম। তবে চার দিন পরও লুট হওয়া টাকা উদ্ধার হয়নি।
গেল ২ আগস্ট দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর কাছে পালকি পরিবহনের একটি বাসের গতিরোধ করে ৭-৮ জনের সশস্ত্র দল। দিন দুপুরে সড়কে গাছের গুঁড়ি ও পেরেকযুক্ত কাঠ ফেলে বাস থামিয়ে তারা বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং বাধা দিলে ছুরিকাঘাত ও মারধর করে।

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিল। বাসটিকে অনুসরণ করা বোরকা পরা এক নারীর ভূমিকা, বাসের চালক-সহকারী বা কোনো যাত্রীর সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। লুট হওয়া টাকা উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
