পেকুয়া প্রতিনিধি;
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ এবং পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে পেকুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মোরারপাড়া এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান এবং বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ। পরে তাঁরা শহীদ ওয়াসিম আকরামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে পেকুয়া উপজেলার কৃতি সন্তান ওয়াসিম আকরাম শহীদ হন। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিতি লাভ করেন। ওই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
