জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় পরিচালিত বিজিবির বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ সময় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাত ৯টার দিকে ২ বিজিবির অধীনস্থ দমদমিয়া বিওপির সদস্যরা কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। তল্লাশিকালে বাসটির ভেতর থেকে ৪৫ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার কে কে পাড়া এলাকার মো. আফজালের ছেলে মো. রফিক (৩২) এবং নতুন পল্লানপাড়া এলাকার মো. কালু মিয়ার ছেলে মো. জুয়েল (২২)। মাদক পরিবহনের অভিযোগে বাসটি (কক্সবাজার জ-১২-০২৫২) জব্দ করা হয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিজিবির কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত বাস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।