ইমাম খাইর, সিবিএন:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত আম্বাসেডর সার্জিও গোরের নেতৃত্বে একটি টিম।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায়। দুই টার পর উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। পরে প্রতিনিধি দল জাতিসংঘ খাদ্য কর্মসূচি ডব্লিএফপি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে ইউএনএইচসিআর পরিচালিত রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শনে যান সার্জিও গোরের নেতৃত্বাধীন দল।
পরিদর্শনকালে মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের কর্মকর্তাদের সাথেও কথা বলেন।
এসময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সাথেও কথা বলেন এবং তাদের বর্তমান সংকট ও চাহিদার কথা শোনেন।
মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ দূতের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গেলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
