এম. মনছুর আলম, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সম্প্রতি এনসিপি (NCP)-এর কয়েকজন নেতার অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি চকরিয়া থানা সড়কের মাথায় অবস্থিত সিস্টেম কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। এতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপির কয়েকজন নেতার অশালীন, কুরুচিপূর্ণ, মানহানিকর ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং নিন্দনীয়। তারা দাবি করেন, সালাহউদ্দিন আহমদ দেশের একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, এনসিপির নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
