মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আজ শুক্রবার (৩১ জুলাই) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, দেশের প্রথম নারী পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না’র জন্মদিন। প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ, বর্ষীয়ান আইনজীবী, দৃঢ় আত্মপ্রত্যয়ী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কক্সবাজারবাসীর একজন অত্যন্ত প্রিয়মুখ। মেধাবী রাজনীতিবিদ অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একদিকে, জাতীয় সংসদকে সমৃদ্ধ করেছেন, অন্যদিকে, জেলাবাসী তাঁকে নিয়ে গর্ববোধ করছেন।
সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না’র সংক্ষিপ্ত জীবনী :
কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের মরহুম আবুল খায়ের ও মরহুমা ফাতেমা খাতুনের কন্যা শামীম আরা স্বপ্না ১৯৭৬ সালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৮ সালে কৃতিত্বের সাথে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি উদ্ভিদ বিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত থাকা অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ১৯৮২ সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। ধাপে ধাপে তিনি বিএনপির মূল ধারার রাজনীতিতে পদার্পন করেন। শামীম আরা স্বপ্না ১৯৮৬ সালের ১৮ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশীপ অর্জন করে একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। এ মানবিক আইনজ্ঞ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি থেকে পেয়েছেন প্রবীণ আইনজীবীর বিরল সম্মাননা।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি (এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর) পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ডিসেম্বর মাসে তিনি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে দেশের প্রথম মহিলা পিপি হিসাবে নিয়োগ পেয়ে রেকর্ড সৃষ্টি করেন। তখন থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না পিপি পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার পদে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ১৯৯১ সাল থেকে দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তিনি কক্সবাজার জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মনোনীত হন। ২০০৯ সাল থেকে অদ্যাবদি কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলায় দলকে সুসংগঠিত করেছেন। সাংগঠনিক ভিতকে মজবুত করেছেন। তাঁর নেতৃত্বের সফলতায় চলতি বছর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনেই বিএনপি’র প্রার্থী বিজয় লাভ করেছেন। যা তাঁর সাংগঠনিক সক্ষমতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন দলের হাইকমান্ড ও স্থানীয় নেতা-কর্মীরা। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক কাঠখড় পুড়িয়ে কক্সবাজার জেলায় দলের সাংগঠনিক ভিত্তিকে তিনি আরো শক্তিশালী করেছেন। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে তিনটি রাজনৈতিক মামলায় জড়িত করে হয়রানি করা হয়েছে। দলের নির্যাতিত নেতা-কর্মী, অসহায়, নিঃস্ব গরীব জনসাধারণের মামলায় অকাতরে আইনী সহায়তা দিয়েছেন সবসময়। বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দিয়ে কারাগার থেকে মুক্ত করেছেন মিথ্যা মামলায় জড়ানো অসংখ্য নেতা-কর্মীদের।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না চলতি বছরের ২৯ এপ্রিল বিএনপি’র মনোনয়ন নিয়ে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ইতিমধ্যে জাতীয় সংসদে অত্যন্ত গঠনমূলক ও প্রাঞ্জল ভাষায় বক্তব্য রেখে সবার নজর কেড়েছেন। সংসদে তিনি কক্সবাজারবাসীর প্রাণের দাবি সমুহ তুলে ধরে জেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার স্বামী কক্সবাজারের মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ জসীম উদ্দিন দম্পত্তির একমাত্র সন্তান মিনহাজ উদ্দিন মিশুক অষ্ট্রেলিয়ায় বসবাসরত।
দোয়া ও সহযোগিতা কামনা :
এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না তাঁর জন্মদিনে পথচলায় মহান আল্লাহ’র অসীম রহমত, সকলের দোয়া, তাঁর প্রতি অর্পিত দায়িত্ব পালনে জেলাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দলের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় আজ তিনি সংসদ সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে পারছেন। তাঁর জন্মদিনে তাঁকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তিনি তাদের ধন্যবাদ জানান।
সিবিএন পরিবারের শুভেচ্ছা :
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, দেশের প্রথম নারী পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না’র জন্মদিনে কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল “কক্সবাজার নিউজ ডটকম” পরিবারের পক্ষে সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ এস.এম আকতার উদ্দিন চৌধুরী আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না’র উত্তরোত্তর সাফল্য কামনা করে কক্সবাজারে উন্নয়ন ও আরো সমৃদ্ধ করতে তাঁর ব্যাপক অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
কক্সবাজার সিটি কলেজ পরিবারের শুভেচ্ছা :
সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না’র জন্মদিনে কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের জন্য জাতীয় সংসদে দাবি উত্থাপন করায় কক্সবাজার সিটি কলেজ পরিবার তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
