সিবিএন ডেস্ক:

কক্সবাজার, ৩১ জুলাই:
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এছাড়া সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) এবং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও তাদের সফরসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

সফরকালে প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

সফর শেষে বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় করার কথা রয়েছে। এ বৈঠকে রোহিঙ্গা সংকট, চলমান মানবিক সহায়তা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।