জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্ত সড়ক ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া এলাকার আলী আহমদের ছেলে মো. করিম (২৫) এবং টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যাপাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে হাবিবুর রহমান (২৭)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ভয়াবহ মাদক বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক চোরাচালান ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
