এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;
“প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইপসা (YPSA) ও আইওএম (IOM)-এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় ইপসা ও আইওএমের কর্মকর্তারা বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের তাৎপর্য এবং নিরাপদ অভিবাসন বিষয়ে আলোচনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার। এছাড়া বক্তব্য দেন উখিয়া সেন্ট্রাল প্রেসক্লাবের সহসভাপতি ও গণমাধ্যমকর্মী সিরাজুল কবির বুলবুল, দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম জালাল উদ্দীন কাউছার, হাতীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য রহিম সিকদারসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, মানব পাচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অবৈধ পথে মানব পাচার রোধে স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। মানব পাচারকারী দালালদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারলে এ অপরাধ ধীরে ধীরে কমে আসবে।
তিনি আরও বলেন, উপজেলার জনসেবা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সরকারি উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উখিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
