জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পার্সেলের ভেতর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে পলাতক আসামি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও টেকনাফ থানা পুলিশের একটি যৌথ দল টেকনাফের একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে অভিযান চালায়। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি পার্সেল তল্লাশি করে তার ভেতর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরবর্তীতে পণ্যটি সঠিক নয় উল্লেখ করে সেটি পুনরায় ফেরত পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। কোম্পানির তথ্যভান্ডার পর্যালোচনা করে পার্সেলটি বহনকারী এক রাইডারের পরিচয় শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. জামাল নামে এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এর আগেও বিভিন্ন সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা চালানো হয়েছে এবং এমন ঘটনায় বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার মাদক উদ্ধার ও জড়িতদের আটক করা হয়েছে।
এদিকে, কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
