জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের চাঞ্চল্যকর আনোয়ার সাদেক ওরফে গুডিশ্যা হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন রফিকের অটোরিকশা গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, গত ফেব্রুয়ারি মাসে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লক এলাকায় নুরুল ইসলামের নেতৃত্বে আনোয়ার সাদেক ওরফে গুডিশ্যাকে নির্মমভাবে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় নিহত আনোয়ার সাদেকের বোন আয়েশা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি মো. কালাইয়ার ছেলে। তার এমআরসি নম্বর ৩৭২৯৬। ঠিকানা: ব্লক-সি, শেড-৮৫৬, রুম নং-১/২, নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প।
র্যাবের মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
